ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার আলাদা হলেও ভোট দেওয়ার পর তা জমা দিতে হবে একই ব্যালট বাক্সে।আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণভোটের জন্য থাকবে গোলাপি রঙের ব্যালট পেপার। আর সংসদ নির্বাচনের জন্য আগের মতোই সাদা রঙের ব্যালট ব্যবহার করা হবে।সংসদ নির্বাচন ও গণভোট—দুই ক্ষেত্রেই ভোট দিতে হবে সিল দিয়ে। তবে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে টিক বা ক্রস চিহ্ন দিয়ে।বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। একই দিন গণভোটের প্রশ্ন, ভোটদানের সময়সূচি, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, ভোটগ্রহণ পদ্ধতি, ফল প্রকাশ, ফল একত্রীকরণ ও গেজেট প্রকাশসংক্রান্ত পরিপত্র জারি করে নির্বাচন কমিশন।ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই পরিপত্র মন্ত্রিপরিষদ বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।পরিপত্রে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সরবরাহ করা স্বচ্ছ ব্যালট বাক্সই গণভোটের ব্যালট বাক্স হিসেবে ব্যবহৃত হবে। ...