চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে বিভিন্ন এলাকায় স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ব্যাহত হচ্ছে যান চলাচল ও বিদ্যুৎ সরবরাহও।
চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জিয়াংশি, আনহুই, হুনান, হুবেই, গুইঝৌ, গুয়াংশি, গুয়াংডং ও হাইনান প্রদেশে ভূমিধস, হড়কা বান, জলাবদ্ধতা ও শহরাঞ্চলে বন্যার উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ তৎপরতার জন্য ১৫ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে চীনা কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হুবেই প্রদেশের জিংঝৌ শহরের বহু মানুষ হাঁটুসমান পানিতে আটকা পড়েছে। রাস্তায় থাকা অনেক গাড়ি প্রায় ডুবে গেছে।
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, গুয়াংশি অঞ্চলে ভারি বৃষ্টির মধ্যে ১৫ কৃষিশ্রমিক বহনকারী একটি পিকআপ ট্রাক বন্যার পানিতে নদীতে পড়ে গেলে ১০ জনের মৃত্যু হয়।
গুইঝৌ প্রদেশে বৃষ্টি ও বন্যাজনিত বিভিন্ন ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। পাশের হুনান প্রদেশেও মারা গেছেন আরও চারজন। হুবেইয়ের একটি নিম্নাঞ্চলীয় গ্রামে মারা গেছেন তিনজন।
এ ছাড়া বিভিন্ন এলাকায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্যাকবলিত অঞ্চলগুলোতে স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ রাখা হয়েছে। হুবেই ও হুনানের কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়েও নেওয়া হচ্ছে।
পূর্বের পোস্ট :