স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত রাজনৈতিক সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।\

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রায় ১৫ বছর পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে। জনগণের প্রত্যাশা এখন অনেক উঁচুতে। আমরা নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ করতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের দাবি ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে গণতান্ত্রিক সংস্কার কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল, স্বচ্ছ ও জনবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে।

সালাহউদ্দিন আহমেদ প্রয়োজনীয় জনবল নিয়োগের ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, নতুন জনবল নিয়োগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মন্ত্রণালয়ের লক্ষ্য অর্জন সহজ হবে।

এ ছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিকায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন তিনি। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের সুস্পষ্ট সুপারিশ ও প্রস্তাব জমা দিতে বলেন, যাতে সংস্কার কার্যক্রম যথাযথভাবে অগ্রাধিকার নির্ধারণ করে বাস্তবায়ন করা যায়।