ঢাকা-৮ আসনের মনোনয়ন প্রার্থী ও ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার দুপুরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পল্টনের বিজয়নগর এলাকায় জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালানোর সময়ে মোটরসাইকেলে দুইজন দুর্বৃত্ত এসে কাছ থেকে তাকে গুলি করেছে বলে জানায় হাদীর সঙ্গে থাকা তার সমর্থকরা।

গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। হাদীর বাম কানের নিচে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনা নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, 'আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি৷ কিন্তু কোথায় হয়েছে জানি না৷ আমরা মাত্র খবর পেয়ে ঢাকা মেডিকেলে পুলিশ পাঠিয়েছি।' 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ইউনিটের আইসিইউতে নেওয়া হয়েছে।