দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে খেলতে পারাকে জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে নিজের জীবনের সবচেয়ে সম্মানজনক বিষয় বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় এসব কথা জানান মুশফিক।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

নিজের বার্তায় মুশফিক জানান, ক্রিকেটের সবচেয়ে প্রিয় সংস্করণকে বিদায় জানানোর সময় ঘনিয়ে এসেছে। শৈশবের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে কেটে গেছে জীবনের অসাধারণ ২২টি বছর। এই দীর্ঘ সময়ে দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পাওয়াকে তিনি মহান আল্লাহর বিশেষ রহমত হিসেবে দেখছেন।

দীর্ঘ পথচলায় পাশে থাকা পরিবারের সদস্য, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মাঠে নামার সময় দর্শকদের ভালোবাসা এবং মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে সমর্থকদের মুখে নিজের নামের স্লোগান শোনার স্মৃতি বিশেষভাবে উল্লেখ করেন মুশফিক। তার ভাষায়, সমর্থকদের সেই উচ্ছ্বাস ও ভালোবাসা সারাজীবন হৃদয়ে জায়গা করে থাকবে।

ক্রিকেটের বাইরে জীবনের নতুন অধ্যায় শুরু করার কথাও জানিয়েছেন তিনি। স্বপ্ন পূরণের পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার, বিনয়ী থাকার এবং অন্যদের অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছেন এই ক্রিকেটার। একই সঙ্গে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ২০০৫ সালে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। দীর্ঘ ক্যারিয়ারে অধিনায়কত্বের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাট হাতে অসংখ্য স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন তিনি। উইকেটরক্ষক হিসেবেও দেশের ক্রিকেটে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিকও তিনি।