বাংলাদেশের কোনো সংবাদপত্রের ওপরে আঘাত আসলে সম্মিলিতভাবে সেই আঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বুধবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলা দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

কারওয়ান বাজার প্রথম আলো অফিসের সামনে আয়োজিত শিল্পী মাহবুবুর রহমানের 'প্রথম আলোর আক্রান্ত ও অগ্নিদগ্ধ ভবন নিয়ে একটি শিল্প' আয়োজন শীর্ষক অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করেন মতিউর।

"অতীতে যখন যায় যায় দিন এবং আমার দেশের মতো পত্রিকার ওপর আঘাত এসেছিল আমরা এডিটরস কাউন্সিলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছি। আগামীতে যে সংবাদপত্রের ওপরে আঘাত আসুক না কেন আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করবো," বলেন মতিউর।

মতিউর জানান, অতীতে সংবাদপত্রে কার্যক্রমে অনেক ভুল ছিল। আগামীতেও একেবারে নির্ভুলভাবে কাজ করা যাবে এ দাবি করা অযৌক্তিক। কিন্তু বৃহৎ স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার বিচারকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত সেদিন রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচূড় ও অগ্নিসংযোগ করে। প্রথম আলো সেই ভস্মীভূত প্রতিষ্ঠানে আয়োজন করে এক শিল্প প্রদর্শনী। বুধবার এই প্রদর্শনী শুরু হয়, চলবে ১০ দিন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম জানান, বাংলাদেশের সম্মুখ সারির এ দুটি সংবাদমাধ্যমে আগুন দেয়া কোনো আকস্মিক ঘটনা না। সুপরিকল্পিতভাবে প্রতিষ্ঠান দুটিতে আগুন দেয়া হয়েছে।

নতুন সরকারের কাছে আহ্বান জানিয়ে মাহফুজ আনাম বলেন, "কারা এই ঘটনা প্রত্যক্ষভাবে ঘটিয়েছে, কারা পেছনে থেকে ইন্ধন ও উসকানি দিয়েছে সেটি বিষদভাবে অনুসন্ধান করে বের করে তাদের পরিচয় সবার সামনে তুলে ধরতে হবে। কেননা এটা শুধু দুটি সংবাদমাধ্যমে আগুন দেয়া না। দেশের মুক্তচিন্তা ও স্বাধীন সাংবাদিকতায় অগ্নিসংযোগ করেছে তারা।"

অনুষ্ঠানে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি আবুল কালাম আজাদ জানান, কোনো আদর্শ পুড়িয়ে শেষ করা যায় না। প্রথম আলোতে আগুন দিয়ে এই প্রতিষ্ঠানকে শেষ করা যায়নি। রূপান্তর হয়ে ফিনিক্স পাখির মতো নতুন উদ্যোম নিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে সংবাদমাধ্যমটি।

শিল্পকর্মী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এডিটরস কাউন্সিল, নোয়াব, গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ব্যবসায়িক প্রতিনিধি, শিল্পী, লেখক ও কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

দশ দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।