জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জাপান সফরের তৃতীয় দিনে বুধবার (২৮ অক্টোবর) টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি একটি হাসপাতাল, একটি হোম-কেয়ার নার্সিং সেন্টার ও টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ডা. জুবাইদা রহমান। এ সময় তাঁকে ক্লিনিকটির উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিশ্বে এ ধরনের সিটি স্ক্যানার রয়েছে মাত্র পাঁচটি। এ ছাড়া ডা. জুবাইদা রহমান ক্লিনিকটির পেট-সিটি ও এমআরআই সুবিধা সম্পর্কে ধারণা নেন। বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তিও তাঁকে দেখানো হয়।

পরে তিনি টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন। সেখানে তিনি নার্সিং ও পুনর্বাসনসেবার কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুরের খাবারের পর ডা. জুবাইদা রহমান ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন। এ সময় তিনি জাপানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন ঘুরে দেখেন।

বিকেলে তিনি সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।