বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়াতে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নত করা, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কর্মসংস্থানমুখী শিক্ষা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা, পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা এবং ফ্যামিলি কার্ড চালুর মতো উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।

স্বাস্থ্যসেবাকে নিজের পেশাগত ও ব্যক্তিগত আগ্রহের বিষয় উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে কাজে লাগিয়ে দুই দেশের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্য ও সামাজিক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, শিশুদের যথাযথ বিকাশের জন্য টেকসই সামাজিক ব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি, মানসম্মত শিক্ষা এবং দারিদ্র্য ও সহিংসতা থেকে সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।

সেমিনারে স্বাস্থ্য কূটনীতির গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রয়োজন।

চিকিৎসক হিসেবে বাংলাদেশের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, কার্যকর স্বাস্থ্যনীতি বাস্তবায়ন, চিকিৎসা গবেষণার অগ্রগতি এবং আধুনিক চিকিৎসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

এ সময় শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে ফাউন্ডেশনটির কর্মকাণ্ড আরও সম্প্রসারণ এবং স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় আর্থিক ও অন্যান্য সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

জুবাইদা রহমান বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং দীর্ঘমেয়াদে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগে বাংলাদেশ সরকার পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।

সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বাংলাদেশ ও জাপানের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।