বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও উদ্বেগজনক অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা ১৮ মিনিটে প্রকাশিত বায়ুমান সূচক অনুযায়ী, বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে চতুর্থ অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার বায়ুদূষণ সূচক ছিল ১৬৯। এই স্কোরের অর্থ, রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, তালিকার প্রথম স্থানে থাকা লাহোরের বায়ুদূষণ সূচক ছিল ২০৪। এ মাত্রার দূষণকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুর মান নির্ধারণে সূচকের বিভিন্ন মাত্রা ব্যবহার করা হয়। সূচক ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাস ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। আর সূচক ৩০০ ছাড়ালে তা দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছায়।

ঢাকায় দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য উদ্বেগের কারণ হয়ে আছে। সাম্প্রতিক এক অনুষ্ঠানে রাজধানীর অব্যাহত বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ পরিস্থিতিকে দেশের জন্য লজ্জাজনক উল্লেখ করে পরিবেশ ও বন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বায়ুদূষণ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে রাজধানীর এই পরিস্থিতি।