ঢাকার রমনায় হাবিবুল্লাহ বাহার কলেজে মঙ্গলবার নির্বাচনী প্রচারণার সময়ে ঢাকা-৮ আসনের জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হেনস্তার ঘটনায় নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে এর বিচার চেয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

"ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসীরা নাসীরুদ্দীনের ওপরে হামলা চালিয়েছে। মির্জা আব্বাসের নির্দেশে ও তারেক রহমানের সম্মতিতে নাসীরুদ্দীনের ওপরে এই হামলা হয়েছে। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই- তারা কীভাবে এই হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কলেজ প্রশাসন কী ব্যবস্থা নেয়, বিএনপি দলীয়ভাবে কী অবস্থান নেয়," নাসীরুদ্দীনের ওপর হামলার পর ফকিরাপুলে এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন নাহিদ। 

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করার ঘটনার পর সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, "আগে যা করছেন করছেন, সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন, তাহলে এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো। জনগণ সিদ্ধান্ত নিবে, তারা কাকে ভোট দিবেন। আপনারা জনগণকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না? জনগণ ১২ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে, কে বেয়াদব আর কে গ্যাংস্টার। কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে।"

"মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি। আমরাও এই ঢাকা শহরে বড় হইছি।  মির্জা আব্বাস একটা হুন্ডা এবং ৩০ টাকা দিয়ে রাজনীতি শুরু করেছে। ওইখান থেকে বিএনপি'র সাথে তার রাজনীতিতে যাত্রা। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কীভাবে হইছে, তা এই ঢাকা শহরের, বাংলাদেশের মানুষ জানে," যোগ করেন তিনি।

এসময় এই তরুণ নেতা আরও বলেন, "যে কিছু হলেই জামায়াতের অতীত নিয়ে কথা বলা হয়। কিন্তু বিএনপি নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। ২০০১ থেকে ২০০৬, বাংলাদেশের মানুষ ভুলে নাই। অতীত ধরে কথা বললে সবার অতীত ধরে আমরাও কথা বলবো।"

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন বলেন, "বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন, নাকি তাদের বহিষ্কার করবেন।"

নাসীরুদ্দীন তারেক রহমানের কাছে মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানান।

"ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেবো না, এটাই আমার অঙ্গীকার। ১২ তারিখের ভোটে জনগণ এইসব সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে," বলেন নাসীরুদ্দীন।

রমনার হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে নাসিরুদ্দীন পাটওয়ারী সেখানে উপস্থিত হন। সেখানে শুরুতেই গেটে বাধার মুখে পড়েন এনসিপির এ নেতা। পরে অনেক ধস্তাধস্তি হয় সেখানে। এর মধ্যেই নাসীরুদ্দীনকে ডিম মেরে হেনস্তা করা হয়। এই ঘটনায় এনসিপি দলের পক্ষ থেকে তৎক্ষনাৎ নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।