জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য সংস্কারের আলাপের বদলে সরকার নিজের মতো সংসদ চালনা করায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে বলে রোববার মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

“প্রথম অধিবেশনে বিভিন্ন সংস্কার প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও সরকার তা না করে নিজের মতো সংসদ পরিচালনা করেছে। এভাবে চলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আমাদের একমাত্র পথ হয়ে দাঁড়াবে,” কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত 'জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট' শীর্ষক জাতীয় কনভেনশনের সর্বশেষ সেশনে বলেন নাহিদ।

নাহিদ বলেন, “আমাদের ৫৪ বছর ধরে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য লড়াই করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান তার কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠা করে। বিএনপি বহুদলীয় গণতন্তের কথা বলে। কিন্তু নির্বাচনের পরে দেখলাম তারা জনগণের সাথে প্রতারণা করছে।”

সংসদে উচ্চকক্ষ ও ক্ষমতার ভারসম্য এখনো নিজেদের অবস্থানে এনসিপি অটুট জানিয়ে নাহিদ বলেন, “বাংলাদেশে যেকোনো সরকার ক্ষমতায় এলে সংবিধান নিজের মতো সংশোধন করে। এজন্য সংসদে একটা ভারসাম্য দরকার। সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যেন একটি গণভোটের ব্যবস্থা থাকে। আমরা বলেছি, যেন সংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ না হয়, নিয়োগে প্রধানমন্ত্রীর একক হাতে না থাকে। সর্বদলের সম্মতিতে গ্রহণযোগ্যভাবে তত্ত্বাবধায়ক সরকার যেন প্রতিষ্ঠা হয়, বিচার বিভাগের পৃথকীকরকণ হয়। এগুলো দিয়েই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, তা নয়।”

সংবিধান সংশোধন নয়, সংস্কার প্রয়োজন উল্লেখ করে নাহিদ বলেন, “বিএনপি সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে চাইলে সেটি টেকসই হবে না, যেকোনো সময় এটা বাতিল হতে পারে। আমি সংসদে বলেছি, জিয়াউর রহমান এই ঐতিহাসিক ভুল করেছিল। ফলে বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতার নামে আওয়ামীলীগের আদর্শ এবং রাজনীতি ফিরিয়ে আনার দরজা খোলা রাখা হচ্ছে।”

নোট অব ডিসেন্ট থাকলে জুলাই সনদের কার্যকারিতা থাকে না বলে জানান নাহিদ। “যেহেতু এটি একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয়, সেদিন আলাদা করে নোট যোগ করা হয়েছে সবগুলোতে। যে দল ক্ষমতায় আসবে, তাড়া ইশতেহার অনুযায়ী সনদ বাস্তবায়ন করবে। তাহলে তো আর সনদের কার্যকারিতা থাকে না। সে জায়গা থেকে গণভোট এসেছে।”

নাহিদ তার বক্তব্যে জুলাই সনদকে দ্রুত সময়ের মধ্যে সংবিধানে স্থান দেয়া ও গণতান্ত্রিক যাত্রা ব্যাহত না করে জুলাইয়ের আদর্শকে বাস্তবায়ন করতে সবার প্রতি আহ্বান জানান।