জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ রোববার দেয়া এক বক্তব্যে বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচন নিয়ে নিজদের ভণ্ডামির কথা স্বীকার করেছেন ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিচার বিভাগ নিয়ে একের পর এক মিথ্যা কথা বলেছেন।

"সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন শুধু নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকারের সময়ে নেয়া সব সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন যা এখন কার্যকর করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ না। এটা দেশের মানুষের সঙ্গে ভণ্ডামি ছাড়া আর কিছুই না," কাকরাইলে এনসিপি আয়োজিত জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশনে বলেন হাসনাত।

পুলিশ কমিশন সংস্কারে সরকারের কোনো আগ্রহ নেই উল্লেখ করে হাসনাত জানান, গত ১৭ বছরে পুলিশকে যেভাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, এবারও তাই করা হচ্ছে। পুলিশের বদলি ও পদোন্নতির সব ক্ষমতা মন্ত্রী একা কুক্ষীগত করে রেখেছেন। "পুলিশ নিজেও একজন মানুষ। আমরা চাই তার নিরাপত্তা নিশ্চিত হোক। পুলিশের নিরাপত্তার জন্য সংস্কারের প্রয়োজন থাকলেও সরকারের সেদিকে ভ্রুক্ষেপ নেই।"

বিচার বিভাগ সংস্কার নিয়ে আইনমন্ত্রী কাব্যিক ভাষায় সংসদে যা বলেছেন তার বেশিরভাগই মিথ্যা অভিযোগ করে হাসনাত বলেন, "আইনমন্ত্রী দাবি করেছেন বিচারকদের পদায়ন, পদোন্নতি আইনমন্ত্রীর আওতাধীন না। কাগজে কলমে এটি আইনমন্ত্রী আওতাধীন না হলেও বাস্তবে মন্ত্রীর হাত থেকেই বিচারকদের পদায়ন-পদোন্নতি হয়।"

বর্তমান সরকার ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে হাসনাত বলেন, "আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনা যেভাবে সব ক্ষমতার কেন্দ্রে ছিলেন বর্তমান সরকারও তেমনি সব ক্ষমতা নিজেদের হাতে রাখতে চান। কিন্তু হাসিনা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও টিকে থাকতে পারেনি সেটা এই সরকার ভুলে যাচ্ছে।"

নির্বাচনে যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা নিজেরাই এখন প্রতারিত হয়েছে এমনটা মনে করছেন দাবি করে হাসনাত বলেন, "দেশের মানুষের সঙ্গে সরকার ইতোমধ্যে প্রতারণা করা শুরু করে দিয়েছে। এই সরকারও ফ্যাসিজমের দিকেই হাঁটছে।"

হাসনাত সবাইকে পুনরায় সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং একসঙ্গে সকল অপেচষ্টা রুখে দেয়ার ঘোষণা দেন।