দেশের উন্নয়ন নারীর ক্ষমতায়ন ছাড়া কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের জন্য বিনা মূল্যে শিক্ষা সুবিধা অনার্স পর্যন্ত সম্প্রসারিত করা হবে।

রোববার গুলশান লেক পার্কে গুলশান, বনানী ও বারিধারা এলাকার নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, “বাংলাদেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী। তাই জাতি গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।” তিনি আরও বলেন, বর্তমান সময়ে নারী শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। “নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ,” যোগ করেন তিনি।

একজন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে ডা. জুবাইদা প্রসূতি স্বাস্থ্যসেবার দুরবস্থার কথাও তুলে ধরেন। তিনি বলেন, পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাবে এখনো অনেক মা সন্তান প্রসবের সময় প্রাণ হারাচ্ছেন। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ প্রসবের ব্যবস্থা এবং মা ও শিশুদের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

শিশু বিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আমরা মেয়েদের জন্য অনার্স পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করতে চাই, যাতে কোনো মেয়েকে তার স্বপ্ন ভেঙে যাওয়ার ভয় নিয়ে বড় হতে না হয়।” তিনি সারা দেশে মেয়েদের শিক্ষা প্রসার ও সুরক্ষার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

ডা. জুবাইদা রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য একটি বিশেষ সহায়তা সেল গঠন করা হবে, যা আর্থিকসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করবে। পাশাপাশি কর্মজীবী নারীদের জন্য পূর্ণ বেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা এবং বয়স্ক অভিভাবকদের যত্ন নিশ্চিত করতে প্যারেন্টাল সাপোর্ট আইন কার্যকর করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সভায় গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দাদের স্থানীয় সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি এই এলাকাগুলোতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করবে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামীলা রহমান এবং তারেক রহমানের কন্যা জাইমা রহমান।