বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ পরিশোধিত জ্বালানি তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সঙ্গে বলতে পারি—বাংলাদেশের ইতিহাসে কখনোই যা হয়নি, বর্তমানে সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে।”

তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন, ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত আশঙ্কা করছে যে তাদের হাতে মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের দেশেও ছয় সপ্তাহের সমপরিমাণ জেট ফুয়েল মজুদ রয়েছে।”

এপ্রিল ও মে মাসের জ্বালানি চাহিদা পূরণের সক্ষমতা সরকারের রয়েছে জানিয়ে অমিত বলেন, “এই দুই মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি আমরা সংগ্রহ করেছি এবং সরবরাহ লাইনে নিশ্চিত রয়েছে। এখন আমরা মূলত জুন মাসের চাহিদা মেটানোর জন্য কাজ করছি।”

রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন ক্রুড অয়েল পরিশোধন করে জানিয়ে তিনি বলেন, “এই ক্রুড অয়েল মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। প্রতিষ্ঠার পর থেকেই এই দুই উৎস থেকে সরবরাহ হয়ে আসছে।”

তিনি জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নির্ধারিত ক্রুড অয়েল সরবরাহ এলেও মধ্যপ্রাচ্যের সংকটের কারণে মার্চ ও এপ্রিলের সরবরাহ ব্যাহত হয়েছে।

বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা রিফাইনড ও ক্রুড অয়েল—দুই ধরনের জ্বালানি সংগ্রহের চেষ্টা করছি। একটি কার্গো ক্রয় করা হলেও নির্ধারিত সময়ে তা সরবরাহ করা যায়নি। আরও দুটি কার্গো স্ট্যান্ডবাই রয়েছে, যার মধ্যে একটি এই মাসের শেষার্ধে পৌঁছানোর আশা করছি।”

তিনি বলেন, “সাময়িকভাবে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সক্ষমতা কিছুটা কমে গেছে। তবে জ্বালানি সরবরাহে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য সরকার পরিশোধিত জ্বালানি আমদানি বাড়িয়েছে।”

প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের ঘাটতিতে গত সোমবার ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। পাঁচটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ হয়ে যায় এবং বাকি তিনটি ইউনিটে সীমিত সক্ষমতায় উৎপাদন চলতে থাকে।

এই সময়কে কাজে লাগিয়ে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

“নিরবচ্ছিন্নভাবে পরিচালনার কারণে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে। তাই এই সুযোগে দুটি ইউনিটের দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হচ্ছে,” বলেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, “আমরা আশা করছি, মাসের শেষে নতুন ক্রুড অয়েল এলে ইস্টার্ন রিফাইনারি পূর্ণ সক্ষমতায় চালু করা যাবে।”

সংবাদকর্মীদের দায়িত্বশীলতার প্রশংসা করে তিনি বলেন, “জ্বালানি খাত নিয়ে মানুষের কাছে এখন ব্যাপক তথ্য রয়েছে, যা আপনাদের অবদানের ফল।”

তথ্য পরিবেশনে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সঠিক ও দায়িত্বশীল তথ্য পরিবেশন আতঙ্ক না বাড়িয়ে বরং তা কমাতে সহায়ক হবে।”