মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে উল্লেখ করে রোববার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী দিনে এর প্রভাবে বাংলাদেশেও দ্রব্যমূল্য বাড়বে।
সকালে শেরেবাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ে এলডিসি গ্রাজুয়েশনের প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এক ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “সাপ্লাই চেইন সংকটের কারণে আগামী দিনে বাংলাদেশে শুধু জ্বালানির দাম না অন্যান্য পণ্যেরও দাম বাড়বে।”
এটি বাংলাদেশের একক সমস্যা না, বরং বৈশ্বিক সংকটময় পরিস্থিতি উল্লেখ করে মন্ত্রী বলেন, “চলমান জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। এই সংকটের কারণে খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে।”
বিশ্বের অন্যান্য দেশে তেলের দাম অনেক বাড়ানো হলেও বাংলাদেশে তেলের দাম বাড়ানো হয়নি; সরকারের তহবিলে এতে করে চাপ পড়ছে উল্লেখ করে খসরু বলেন, “আর কতদিন তেলের দাম না বাড়িয়ে থাকা যায় সেটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। রাষ্ট্রের তহবিলের টাকা দিয়ে তেল কিনতে হচ্ছে। এতে করে ক্ষতি হবে জনগণের। জনগণের সুবিধার কথা চিন্তা করেই তেলের দাম নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”
এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে খসরু জানান, বিএনপি সরকার গঠনের পর থেকেই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ইশতেহার অনুযায়ী কাজ করছে। অর্থনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পরেই এলডিসি গ্রাজুয়েশনের কথা ভাববে বাংলাদেশ।
পূর্বের পোস্ট :