মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের বাজারে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি না করতে শনিবার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিয়ে দেশের জনগণের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ মনে করে, আন্তর্জাতিক পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশের একটি অসাধু ব্যবসায়ী চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাতে পারে। একই সঙ্গে বিপিসি ও পেট্রোবাংলার কিছু ভুল ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

তবে বর্তমানে দেশের অভ্যন্তরে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তাই অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি বা গুজব ছড়িয়ে জনগণের মধ্যে ভীতি তৈরি করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে—জ্বালানি সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, বাজার মনিটরিং জোরদার করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।

দেশের জ্বালানি নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানাচ্ছে।