রমজানে ঢাকার বাজারে পণ্যমূল্য ও পণ্য সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক বলে সোমবার বাজার পরিদর্শন শেষে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার আকস্মিক পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী। বিভিন্ন পণ্যের দোকানে সরেজমিনে ঘুরে দেখে সাংবাদিকদের মন্ত্রী জানান, রমজানে বাজার স্বাভাবিক আছে, ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে।

বাজারে মনিটরিং ব্যবস্থা আগের মতোই সচল আছে উল্লেখ করে মুক্তাদির বলেন, "প্রতিদিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দশটি টিম বাজার মনিটরিং করছে। এর বাইরে মন্ত্রণালয়ের তিনটি টিম মনিটরিং আছে। এদের চোখ ফাঁকি দিয়ে কেউ বাজারে অরাজকতা তৈরি করলে আমাদের জানাবেন, ব্যবস্তা নিবো।"

বাজারে রমজানে লেবু ও ছোলার দাম বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, "যে লেবুর ডজন ছিল ৬০ টাকা যা রোজার একদিন আগে ১২০ টাকা হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এটা ভোক্তাদের ক্ষোভের কারণ। কিন্তু আজকে বাজার ঘুরে দেখলাম জাতভেদে লেবুর দাম আবার ৫০-৬০ টাকা ডজনে নেমে এসেছে।"

মুক্তাদির জানান, ২ কোটি জনগণের বাস এই ঢাকায় সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। বাজার যাতে কোনোভাবে গুটিকয়েক ব্যবসায়ীর হাতে না যায় সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় সজাগ দৃষ্টি রেখেছে। তবে বাজারে পুরোপুরি কার্যকর পদক্ষেপ কাজে লাগতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে।

পণ্যের আমদানি বাজার স্থিতিশীল আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, "আমদানি বাজারে কোনো ধরণের অস্থিরতা নেই। টিসিবির মাধ্যমে যেসব পণ্য আমরা বিক্রি করি সেখানে কোনো সংকট নেই। এমনকি এমন অনেক পণ্য আছে যার দাম গত বছরের তুলনায় এ বছর রমজানে ১০-১৫ টাকা কম।"

সম্প্রতি রাজধানীর মৌলভীবাজারে ভোক্তা অধিকারের অভিযানে ম্যাজিস্ট্রেটকে হুমকি ধামকি দেয়া ও অভিযান পরিচালনা করতে বাধাপ্রদানের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, "ইতোমধ্যে ঐ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইন তার নিজের গতিতে চলবে। তবে বাজার অভিযানের মুল উদ্দেশ্য ব্যবসায়ীদের হেনস্তা করা না, বরং তাদের বার্তা দেয়া যে তারা সরকারের নজরদারিতে আছেন।"

বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম,বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইআইটি শিবির বিচিত্র বড়ুয়া এসময় উপস্থিত ছিলেন।  পরে বাণিজ্যমন্ত্রী দেশের বৃহৎ পাইকারি কাঁচাবাজার কারওয়ান বাজারে পরিদর্শনর যান। সেখানে ক্রেতা বিক্রেতাদের কাছে বাজার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।