রমজানে ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে নিজেদের মুনাফা কমিয়ে সোমবার লেবু, তেল, চিনি ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা।

কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে বাজারের ব্যবসায়ী নেতারা জানান, রোজার সময় ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে নিজ উদ্যোগে তারা পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের লাভের অংশ কমিয়ে ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করবেন বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে প্রতি পিস লেবু ২ টাকা, তেল প্রতি লিটারে ১ টাকা, চিনি প্রতি কেজি ১ টাকা, ছোলা ২ টাকা, ট্যাং ২০০ গ্রামের প্যাকেটে ৫ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৩০ টাকা ও মিনিকেট চালের দাম প্রতি কেজি ১ টাকা কমিয়ে বিক্রির ঘোষণা দেন ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে লেবু ব্যবসায়ীরা জানান, যেসব এলাকা থেকে লেবু আনা হয় তা ক্যাটাগরিভিত্তিতে ভাগ করে বিক্রি হয়। ভালো মানের লেবুর দাম ১৭ টাকা পর্যন্ত হয়। আবার খারাপ ক্যাটাগরির লেবু বিক্রি হয় ৩ টাকায়। সব ক্যাটাগরির লেবুর দাম প্রতি পিসে দুই টাকা কমানো হবে।

কারওয়ান বাজারের তেল ব্যবসায়ীরা জানান,  এখন থেকে তারা প্রতি লিটার তেলে ১টাকা করে কম রাখবেন। এতদিন ৯২০ টাকায় পাঁচ লিটারের বোতল বিক্রি করলেও সেটি এখন থেকে ৯১৫ টাকায় বিক্রি করবেন।

পাশাপাশি চিনি প্রতি কেজি প্যাকেটের গায়ের দাম ১০৫ টাকা, যা ১০২ টাকায় এতদিন বিক্রি করলেও এখন থেকে ১০১ টাকা বিক্রির সিদ্ধান্ত জানান ব্যবসায়ীরা। এছাড়া ছোলা ৮৫ টাকা কেজির বদলে ৮৩ টাকায় বিক্রির ঘোষণা দেন ব্যবসায়ীরা।

এছাড়া গরুর মাংস কেজিতে ৩০ টাকা কমিয়ে ৭৫০ টাকায় বিক্রি করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মিনিকেট চাল কেজিতে এক টাকা কমিয়ে বিক্রি করা হবে বলেও জানান ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম মিলনসহ কারওয়ান বাজারে ব্যবসায়ী নেতারা।