পণ্য সংগ্রহ ও বিপণন স্বচ্ছতা বজায় রাখার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী পাঁচ বছরের মধ্যে ভর্তুকি থেকে বের হয়ে আসতে পারবে বলে মঙ্গলবার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন।

"অনিয়ম থেকে বের হয়ে এসে টিসিবি তার কার্যক্রমের মাধ্যমে এ বছর এক হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। এভাবে কাজ করলে আগামী পাঁচ বছরের মধ্যে টিসিবি ভর্তুকির চার থেকে পাঁচ হাজার টাকা সাশ্রয় করতে পারবে," সকালে কারওয়ানবাজার টিসিবি ভবনের সামনে রমজান উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এ প্রত্যাশা ব্যক্ত করেন।

টিসিবি বড় রকমের  অনিয়ম থেকে বেরিয়ে এসেছে উল্লেখ করে উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে টিসিবির ফ্যামিলি কার্ড নিয়ে বড় ধরণের অনিয়ম হয়ে আসছিল। অন্তবর্তীকালীন সরকার ৫৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল করেছে। বর্তমান ৮০ লাখ মানুষের ফ্যামিলি কার্ড আছে।

রমজানে ট্রাক সেলের মাধ্যমে যাদের পণ্য দেয়া হবে তারা মূলত কার্ডের বাইরে অতিরিক্ত মানুষ উল্লেখ করে বশীর বলেন, "ফ্যামিলি কার্ডের বাইরে ৩৫ লাখ মানুষকে বাড়তি পণ্য দেয়া হবে রমজান মাস জুড়ে। এতে করে রমজানে মূল্যস্ফীতি হ্রাস পাবে।"

মঙ্গলবার থেকে সারাদেশে ৬৪ জেলায় একযোগে টিসিবির ট্রাক সেল শুরু হয়েছে। ১২ মার্চ পর্যন্ত ২০ দিন (শুক্রবার ও ছুটির দিন ছাড়া) এ বিক্রয় কার্যক্রম চালু থাকবে।

টিসিবি জানিয়েছে, পণ্য বিক্রির জন্য মোট ৯০০ ট্রাক নির্ধারণ করা হয়েছে। দৈনিক ৪৫০ ট্রাক পণ্য ৪০০ জন নিম্নআয়ের জনসাধারণের কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে। 

এ কার্যক্রমের আওতায় সারাদেশে বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাবে। রোজার দুটি বাড়তি পণ্য ছোলা প্রতি কেজি ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি হবে। এছাড়া ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা ও মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি হবে।

ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও বরাদ্দ সাপেক্ষে এক-দুই কেজি খেজুর কিনতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকের এসব পণ্য যে কেউ কিনতে পারবেন।

এর পাশাপাশি ফ্যামিলি কার্ডধারীদের জন্য নিয়মিত বিক্রি কার্যক্রম যথারীতি চলবে। কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রি করা ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে এবং রমজানে ছোলা ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দামে বিক্রি করা হবে।

প্রতিদিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০টি, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি ও ৭টি মেট্রোপলিটন এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। অবশিষ্ট ৫৫ জেলায় ৫টি করে সর্বমোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে টিসিবি।