সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আসল টাকার আদলে তৈরি নমুনা নোটের বিভ্রান্তিকর ভিডিও, ছবির ছড়াছড়ির পাশাপাশি বাস্তবে এর  ব্যবহারে জাল নোটের প্রচলন বাড়িয়ে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে ঝুঁকির মুখে ফেলছে বলে সোমবার বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এক সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব) বেশ কিছু ভিডিও ও ছবি পরিলক্ষিত হয়, যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ কখনো আসল নোটের তুলনায় বড় আকারের ‘নমুনা নোট’ ব্যবহার করে নিজস্ব মার্কেটিং প্রচারণা চালানো বা কন্টেন্ট প্রস্তুত করা হচ্ছে।

এছাড়া, বাজারে বা উন্মুক্ত স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রচারণা পরিচালনার ঘটনাও লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

আসল নোট সদৃশ কাগজ তৈরি, প্রচার কার্যক্রমে ব্যবহার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্র প্রস্তুতপূর্বক প্রদর্শন আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪৮৯(ঙ) অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এরূপ নথি, কাগজ বা বস্তু প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করে যা প্রচলনে থাকা ব্যাংক নোট সদৃশ এবং বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

একইসঙ্গে ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজবমূলক তথ্য প্রচারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ধারা ২৫ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে সাবধান করেছে বাংলাদেশ ব্যাংক।

এ পরিপ্রেক্ষিতে, জনসাধারণকে জাল নোট প্রচলন প্রতিরোধে অধিকতর সতর্কতা অবলম্বনের পাশাপাশি এরূপ বিভ্রান্তিকর তথ্য বা কন্টেন্ট তৈরি এবং অননুমোদিত কর্মকাণ্ড সংঘটন ও প্রচারণা থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে কেন্দ্র ব্যাংক জানায়, আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন। নোট ব্যবহারে যত্নশীল হোন এবং আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন।