পবিত্র রমজানকে সামনে রেখে দেশব্যাপী ট্রাক সেলের মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংস্থাটি।
টিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি এ কার্যক্রমের আওতায় ট্রাক থেকে ভর্তুকিমূল্যে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, খোলা ছোলা ও খেজুর বিক্রি করা হবে। ঢাকার ৫০টি, চট্টগ্রামের ২০টি এবং দেশের অন্যান্য বিভাগীয় শহরের ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে মোট ৯০টি ট্রাকের মাধ্যমে এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিদিন প্রায় ৪০০ জন নিম্নআয়ের ক্রেতা প্রতিটি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এ ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে মোট প্রায় ২৩ হাজার মেট্রিক টন পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে।
টিসিবির নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতিলিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৬০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ৩ কেজি ছোলা ও দেড় কেজি খেজুর কিনতে পারবেন।
এছাড়া রমজান মাসে টিসিবির কার্ডধারী পরিবারগুলোর জন্য আলাদাভাবে ফেব্রুয়ারি মাসে প্রায় ৪০ হাজার মেট্রিক টন এবং মার্চ মাসে প্রায় ৬০ হাজার মেট্রিক টন পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। এসব পণ্যের মধ্যে সয়াবিন তেল, চিনি ও মসুর ডালের দাম অপরিবর্তিত থাকবে। পাশাপাশি রমজান উপলক্ষে খোলা ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৬০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য ও সহনীয় মূল্যে নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিসিবি।
পূর্বের পোস্ট :