বাংলাদেশের বাজারে মঙ্গলবার দুই দফায় স্বর্ণের দাম ১৬৩৩০ টাকা বাড়িয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)— এতে করে স্বর্ণের দাম আবারও ২ লাখ ৬০ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

বাজুস সকালে এক বিজ্ঞপ্তিতে, ভালো মানের হলমার্কযুক্ত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫৪২৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায়। পরে বিকালে আবারও দাম বাড়ানো সিদ্ধান্ত নেয় বাজুস। এবার ভরিতে ১০৯০৬ টাকা দাম বাড়ায় সংগঠনটি।এতে করে দুই দফায় স্বর্ণের দাম বেড়ে হয় ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিউর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে— যা তৎক্ষনাৎ কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

সোমবার দুই দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছিল ২৪৫৭৬০ টাকায়।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২৪ বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৮ দফা।

স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি বেড়েছে রূপার দামও ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪ টাকা।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ১৬ দফা সমন্বয় করা হলো রুপার দাম। যেখানে দাম ১০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৬ দফা।

বিশ্ববাজারে স্পট মার্কেটে একদিনে স্বর্ণের দাম বেড়েছে ৬ শতাংশের বেশি। একদিনে স্বর্ণের দাম বেড়েছে আউন্সপ্রতি ২৮০ ডলারের বেশি; প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৯০০ ডলারে।