ঈদুল ফিতরের ছুটিতে ঢাকার সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে, যা বজায় আছে সোমবার ঈদের তৃতীয় দিনেও।
ঈদে পাঁচটি বাংলা ছবি মুক্তি পেয়েছে, আলোচনায় আছে পাঁচটি ছবিই। লাইনে দাঁড়িয়ে টিকেট কিনে সিনেমা দেখা শেষে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। অনেকে সিনেমা দেখে খুশি হচ্ছেন, অনেকে আবার সিনেমার গল্পের গভীরতা নিয়ে প্রকাশ করছেন হতাশা।
ঈদের প্রথম দিন থেকে সিনেমার তারকা, পরিচালক ও প্রযোজকরা চষে বেড়াচ্ছেন সিনেমা হলগুলো। দর্শকদের প্রতিক্রিয়া দেখার পাশাপাশি গণমাধ্যমে জানাচ্ছেন নিজেদের অনুভূতির কথাও।
ঈদের দিন সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ ছবি মুক্তি না পাওয়ায় অনেক ভক্তই হতাশা ব্যক্ত করেছেন। তবে ঈদের তৃতীয় দিনে এসে জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে প্রিন্স। পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, শুরু থেকেই সিনেমাটি হাউজফুল যাচ্ছে। সিনেপ্লেক্সে মুক্তি পাওয়ার কিছুক্ষণের মধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকেট।
এদিকে প্রিন্স দেখে দর্শকরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, যে প্রত্যাশা নিয়ে তারা ছবি দেখতে এসেছিলেন সেটি পূরণ হয়নি। বিগ বাজেটের ছবি হওয়ায় ভিএফএক্সের কাজ দেখে যতটা আনন্দ পেয়েছেন ততটাই হতাশ হয়েছেন গল্পের গভীরতায়।
ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ঈদের প্রথম দিন থেকে সিনেমাটি দর্শকদের মধ্যে তুমুল সাড়া জাগিয়েছে, যার রেশ আছে ঈদের তৃতীয় দিনে এসেও। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, আজমেরী হক বাঁধন, সাবিলা নূরের মতো দর্শকপ্রিয় তারকাদের নিয়ে তৈরি করা সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর।
এর আগে ‘উৎসব’ সিনেমা পরিচালনা করে আলোচনায় এসেছেন তিনি। বনলতা এক্সপ্রেস দেখে দর্শকরা বলছেন, উৎসবের মতোই এই সিনেমাটিও ছিল গল্প গভীর ও আনন্দদায়ক।
সিনেমার অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, তাদের সিনেমাটিও হাউজফুল যাচ্ছে। যারা সিনেমার তারকা ফার্স্ট শো দেখার টিকেট পেতে তাদেরই বেগ পোহাতে হয়েছে। সিনেমাটি দেখে দর্শকরা মনখুলে হেসেছেন, আবেগে কেঁদেছেন। সব মিলিয়ে সফলতার পথে হাঁটছে ‘বনলতা এক্সপ্রেস’।
ঈদে নিজের ক্যারিয়ারের তৃতীয় সিনেমা নিয়ে হাজির হয়েছেন আফরান নিশো। কাজাখস্তানে শুটিং হওয়া ‘দম’ সিনেমায় নিশোর বিপরীতে ছিলেন পূজা চেরী।
দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।
তবে ‘দম’ সিনেমা নিয়ে ভক্তদের সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন নিশো। ইচ্ছা করে সিনেমা নিয়ে বাজে মন্তব্য করা, এক অভিনেতার সঙ্গে অন্য অভিনেতার নোংরা প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
ঈদে আলোচিতা পরিচালক রায়হান রাফি এসেছেন তার ‘প্রেসার কুকার’ সিনেমা নিয়ে। অন্য সিনেমাগুলো নায়ক কেন্দ্রিক হলেও ‘প্রেসার কুকার’ সিনেমাটি পুরোটাই নায়িকা কেন্দ্রিক। শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী চার নায়িকাকে নিয়ে প্লট হিসাবে ঢাকায় নারী জীবনের একটি অংশকে ধরে গল্প এগিয়েছেন রাফি।
প্রেসার কুকার নিয়ে দর্শকরা বলছেন, গল্পে অন্য রকমের অভিনত্ব আছে। তবে ঈদে পরিবার নিয়ে দেখার মতো সিনেমা এটি না সেই অভিযোগও উঠে এসেছে অনেকের কণ্ঠে।
সিনেমাবোদ্ধাদের মন্তব্য, গতানুগতিক সিনেমা থেকে অনেকটা বেরিয়ে এসে আলাদা করে সিনেমাটি সাজিয়েছেন রাফি।
সিনেমা হাউজফুল যাচ্ছে জানিয়ে রায়হান রাফি জানান, চারদিকে বাংলা সিনেমার জয়জয়কার। প্রেসার কুকার নিয়ে দর্শকদের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে।
শাকিব খানের ‘বরবাদ’ সিনেমায় অভূতপূর্ব সাফল্যের পর এবার সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমা নিয়ে ঈদে হাজির হয়েছেন পরিচালক মেহেদী হাসান। অ্যাকশন ধাচের বাণিজ্যিক এই সিনেমাটিও দর্শকদের মধ্যে জাগিয়েছে সাড়া, যাচ্ছে হাউজফুল।
সিয়াম আহমেদ জানিয়েছেন, দর্শকরা প্রথম দিন থেকে সিনেমাটি গ্রহণ করেছে। দিন যত যাচ্ছে রিভিউ পেয়ে আরও দর্শক সিনেমা দেখতে আসছেন।
ট্রেইলার ট্রিজারের পর এবার মূল সিনেমা মুক্তি পাওয়ায় ঈদের দিন থেকে দর্শকদের মধ্যে বিরাজ করছে সিনেমার আমেজ। অনেকেই পরিবার নিয়ে দেখতে এসেছেন সিনেমা। আগামীতেও আরও পরিবার নিয়ে দেখার মতো সিনেমা তৈরির আহ্বান জানিয়েছেন তারা।
পূর্বের পোস্ট :