জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির আয়োজিত সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বিকেল ৩টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শোভাযাত্রায় এগিয়ে যান। অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

নয়াপল্টন থেকে শুরু হওয়া র‍্যালিটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড অতিক্রম করে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

র‍্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, রশিদুজ্জামান মিল্লাত ও সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও শোভাযাত্রায় যোগ দেন। তাঁদের অংশগ্রহণে পুরো র‍্যালি এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দলীয় সূত্রে জানানো হয়, দীর্ঘ ২০ বছর পর এবার নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি। দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দলটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।