জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং চলমান সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপের সূচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েই আলোচনায় বসতে সম্মত হয়েছে দলটি।

এর আগে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় জাতীয় সংসদে কঠোর অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংসদ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে ১১টি দলও নিজেদের মধ্যে বৈঠকে বসে। এসব রাজনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় এবার সরকারপ্রধানের উদ্যোগে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হচ্ছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের সংকটময় পরিস্থিতিতে সরকারপ্রধানের আলোচনার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে তার দল। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলকেও পর্যায়ক্রমে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।

এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

সরকারের এই উদ্যোগের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা ও জাতীয় ঐক্যের নতুন পথ তৈরি হয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।