প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং জাতির ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল।
আজ শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের কাছে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ ও গৌরবের দিন।
বক্তব্যের শুরুতে তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তরুণ প্রজন্মের মনোমুগ্ধকর উপস্থাপনার প্রশংসা করেন এবং এতে অংশগ্রহণকারী তরুণদের আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি সবাইকে নজরুল বর্ষের শুভেচ্ছা জানান।
১৯৭৫ সালের ঘটনাপ্রবাহ তুলে ধরে তারেক রহমান বলেন, ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চরম আকার ধারণ করেছিল। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ২ নভেম্বর দিবাগত রাতে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে সপরিবারে গৃহবন্দি করা হয়।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষককে বন্দি রেখে দেশের স্বার্থবিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে তা রুখে দিয়েছিল। এ কারণেই দেশপ্রেমিক জাতীয়তাবাদী ও গণতন্ত্রকামী মানুষের কাছে ৭ নভেম্বর জাতীয় ঐক্যের চেতনার বাতিঘর।
প্রধানমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিল এবং দেশের গৌরব ও মর্যাদার প্রতীক সশস্ত্র বাহিনীর সম্মান ক্ষুণ্ন করতে চেয়েছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে তাদের পরাজয় ঘটেছিল।
তবে ৭ নভেম্বর পরাজিত সেই অপশক্তির ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী সময়ে মহাজোটের নামে একজোট হয়ে তারা দেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের মাধ্যমে সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছিল। জনগণের সব গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল।
তিনি বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ২০২৪ সালের বীর ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭ নভেম্বরের সেই পরাজিত অপশক্তির আবারও পরাজয় ঘটে। এর মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।
দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহত ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনের মধ্যে তুলনা করে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রাম।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বরও একইভাবে সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করেছিল।
তিনি বলেন, সময়ের সঙ্গে প্রমাণিত হয়েছে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের দিন। বাংলাদেশ যতবার ৭ নভেম্বরের পথরেখা থেকে বিচ্যুত হয়েছে, ততবারই দেশ ও জনগণের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।
“৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা,” বলেন প্রধানমন্ত্রী।
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অভিন্ন জাতীয় পরিচয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ—বাংলাদেশের নাগরিক হিসেবে সবার একটাই গর্বিত পরিচয়, ‘আমরা বাংলাদেশি’।
তিনি বলেন, এই পরিচয়ই আমাদের একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছে। ঐতিহাসিক ৭ নভেম্বর ‘আমরা বাংলাদেশি’—এই পরিচয়ের ভিত্তিও রচিত হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্য অটুট থাকবে। এই ঐতিহাসিক দিনের নায়ক দেশপ্রেমিক সিপাহী-জনতা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর তিনি যেভাবে দেশের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন, ১৯৭১ সালেও একইভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে রণাঙ্গনে সম্মুখসমরে লড়াই করেছিলেন।
তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের এই মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, একটি জাতির ইতিহাস কেবল অতীতের স্মৃতিচারণ নয়। শুদ্ধ ইতিহাস একটি জাতির আত্মপরিচয়, আত্মমর্যাদা এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা।
এবারের আয়োজনের বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, হাজার হাজার কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী স্টেডিয়ামে ৭ নভেম্বরকে ঘিরে বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট যেভাবে তুলে ধরেছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিহাসসচেতন এই প্রজন্ম ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, যে দেশের তরুণ প্রজন্ম জাতীয়তাবোধে অনুপ্রাণিত নয়, সেই দেশের জাতীয় ঐক্য কখনো সুদৃঢ় হতে পারে না।
তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর তাবেদার অপশক্তির বিরুদ্ধে সিপাহী-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান—প্রতিটি ঐতিহাসিক ঘটনায় তরুণ প্রজন্ম প্রমাণ করেছে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তারা কখনো আপস করেনি।
“সবার আগে বাংলাদেশ,” বলেন তিনি।
ভবিষ্যতে যাতে কেউ দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার হরণ করতে কিংবা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সে বিষয়ে ঐক্যবদ্ধ অঙ্গীকার গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এই অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য অটুট রাখতে হলে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের চেতনা মনেপ্রাণে ধারণ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জন একটি ঐতিহাসিক গৌরবের বিষয়। তবে সেই গৌরবের পতাকা সমুন্নত রেখে স্বাধীনতাকে অর্থবহ করে তোলা প্রতিটি প্রজন্মের দায়িত্ব।
বিশেষ করে তরুণ প্রজন্মের দায়িত্ব হলো স্বাধীনতার মূলমন্ত্র ধারণ করে একটি নিরাপদ, সমৃদ্ধ, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আত্মনিয়োগ করা। আর অভিভাবকদের দায়িত্ব হলো তরুণদের সম্ভাবনা বিকাশের জন্য প্রয়োজনীয় ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।
তিনি বলেন, বর্তমান সরকার একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে দৃঢ়প্রতিজ্ঞ।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস সাক্ষী—যখনই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, যখনই দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে, তখনই ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই ঐতিহাসিক দিনে দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী জনগণের কণ্ঠে দৃপ্ত প্রত্যয় নিয়ে উচ্চারিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।”
পূর্বের পোস্ট :