দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, পরাজিত শক্তি বিভিন্ন ধরনের নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে আগের মতো গুম, খুন কিংবা ক্রসফায়ারের ঘটনা নেই। মানুষ এখন নির্ভয়ে চলাচল করতে পারছে। শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকার জনগণের কাছে জবাবদিহি করে কাজ করছে।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্মার্ট হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও এগিয়ে নেওয়া হচ্ছে।
জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন আপত্তি ও নোট অব ডিসেন্টের বিষয়েও কথা বলেন বিএনপির এই নেতা। সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব বিষয়ে দ্রুত সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় দলীয় নেতাকর্মীদের হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটানো হচ্ছে।
তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ ধরনের তৎপরতা বন্ধ না হলে এবং ধৈর্যের সীমা অতিক্রম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বের পোস্ট :