দক্ষিণ কোরিয়ার বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এসকে গ্রুপ কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরে।
তারা জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীকেও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে পরিণত করার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে তাদের আগ্রহকে স্বাগত জানান।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে তাঁর সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। একই সঙ্গে দেশের বিনিয়োগের সম্ভাবনাগুলো কাজে লাগাতে তাদের আন্তরিক আগ্রহের কথা জানায়।
সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
পূর্বের পোস্ট :