রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাঁর সাম্প্রতিক জাপান সফরের অভিজ্ঞতা এবং সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সাক্ষাৎকালে তাঁরা দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। পরে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক এবং দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।

এ সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাওয়ায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও একান্ত সচিব-২সহ বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।