ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা পোশাকশ্রমিকের ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সদস্য হিসেবে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পোশাকশ্রমিক পরিচয়ে থাকা নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীসহ বিভিন্ন এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন পোশাকশ্রমিকরা। কয়েক দিন ধরে চলা এ আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
বিশেষ করে রাজধানীর মিরপুর এলাকায় টানা তিন দিনের বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সরকারের দায়িত্ব গ্রহণের পর গত আট মাসের মধ্যে পোশাকশ্রমিকদের এই আন্দোলনকে বড় ধরনের শ্রমিক অসন্তোষ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
পূর্বের পোস্ট :