ঢাকার গেন্ডারিয়া এলাকার নাগরিক সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন।
সোমবার (৩ আগস্ট) গেন্ডারিয়া ৪৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ইশরাক হোসেন। এ সময় রাস্তা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, যানজট, পরিবেশ ও নিরাপত্তাসহ বিভিন্ন নাগরিক সমস্যা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়েও স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে তিনি এলাকার বিভিন্ন সড়ক এবং আশপাশের পরিবেশের সার্বিক অবস্থা ঘুরে দেখেন। রাস্তার বর্তমান পরিস্থিতি, আবর্জনা ও বর্জ্য অপসারণ, ড্রেনেজব্যবস্থা এবং যানজটের চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
স্থানীয় বাসিন্দারা এ সময় এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার পাশাপাশি মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।
গেন্ডারিয়া রেলস্টেশন ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতিও পরিদর্শন করেন ইশরাক হোসেন। রেলস্টেশনকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা, সাধারণ মানুষের চলাচল এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ ছাড়া এলাকার পরিবেশ ও পুকুরগুলোর বর্তমান অবস্থাও পরিদর্শন করেন সংসদ সদস্য। পুকুর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আবর্জনা অপসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শন শেষে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া এবং বাসিন্দাদের নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ইশরাক হোসেন।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পূর্বের পোস্ট :