দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।
এদিকে সাম্প্রতিক দিনগুলোতেও ডেঙ্গুতে মৃত্যুর ধারাবাহিকতা দেখা যাচ্ছে। গত রোববার, সোমবার ও মঙ্গলবার প্রতিদিনই ছয়জন করে মারা গেছেন। বুধবারও একই সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সতর্কতা অবলম্বনের গুরুত্ব আরও বেড়েছে।
পূর্বের পোস্ট :