মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুরের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি শাহ আলী থানার আওতাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় ঘটে। সংঘর্ষে জড়িত বাসটি এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব পরিবহন ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কল্যাণপুর স্টেশনের একটি উদ্ধারকারী দল। পরে তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

এ ঘটনায় নিহত চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার করা মরদেহগুলো শাহ আলী থানার উপপরিদর্শক আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।