ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বক্তব্যে শেখ হাসিনা তার রাজনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরতে পারেন।

অনুষ্ঠানটি নয়াদিল্লির মাথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। পাশাপাশি ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে এটি সরাসরি সম্প্রচার করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান। এরপর দীর্ঘ সময় ধরে তিনি কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা আনুষ্ঠানিক সংবাদমাধ্যমে বক্তব্য দেননি। সে কারণে এবারের ভার্চ্যুয়াল উপস্থিতিকে তার ক্ষমতাচ্যুতির পর প্রথম প্রকাশ্য বক্তব্য হিসেবে দেখা হচ্ছে।

আয়োজকদের প্রকাশিত আমন্ত্রণপত্রে দেখা যায়, অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি আরও কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতা, সাবেক কূটনীতিক ও বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্ব অংশ নেবেন।

তাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক আবু ওবায়দাহ আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার।