গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বুধবার বলেছেন, সততা বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের উন্নয়ন কাজ সম্পন্ন না করলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে কিংবা প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের টেন্ডার বাতিল করা হবে।

“প্রকল্পের কাজ সুষ্ঠু ও সততার সাথে হচ্ছে কি না, তা পরিদর্শনের জন্য কর্তৃপক্ষের প্রতিনিধি দলের পাশাপাশি একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমেও যাচাই করা হবে। উন্নয়ন কাজে কোনরূপ অনিয়ম পরিলক্ষিত হলে সেই ঠিকাদারী প্রতিষ্ঠানকে ব্লাকলিস্টেড করা হবে,” প্রতিমন্ত্রী সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

এছাড়া ঠিকাদারি ও নির্মাণ কাজে যাতে কোনোরকম অনিয়ম-দুর্নীতি না হয় সে বিষয়ে গৃহায়ন কর্তৃপক্ষে সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, দেশকে দূর্নীতিমুক্ত করে নতুনভাবে সাজাতে কম মুনাফায় সবোর্চ্চ মান ঠিক রেখে প্রকল্পের কাজ নিদির্ষ্ট সময়ের মধ্যে হস্তান্তর করতে হবে। 

মতবিনিময় সভায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা, প্রকৌশলী এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিবন্ধিত ঠিকাদাররা উপস্থিত ছিলেন।