বাংলাদেশে দায়িত্ব পালন শেষে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার।

শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন দায়িত্বে তিনি ব্রাসেলসে অবস্থান করবেন, যা ইউরোপীয় ইউনিয়নের প্রশাসনিক কেন্দ্র।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন প্রণয় ভার্মা। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার হওয়ায় এই পদটি ভারতের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশে আসার আগে তিনি ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের এই কর্মকর্তা এর আগে হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সালের জুলাইয়ে হ্যানয়ে রাষ্ট্রদূত হওয়ার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব ছিলেন তিনি। এর আগে ২০১৭ সাল পর্যন্ত ভারতের পরমাণু কূটনীতি–সংক্রান্ত অ্যাটমিক এনার্জি বিভাগের যুগ্ম সচিবের দায়িত্বও পালন করেন।

যন্ত্রকৌশলে স্নাতক প্রণয় ভার্মা কর্মজীবনের শুরুতে টাটা স্টিলে কাজ করেন। পরে যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষার ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।