জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যক্রমের মধ্যে ভিন্ন প্রসঙ্গ তোলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলমকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এভাবে আইন প্রণয়ন কর্মসূচিতে বাধা সৃষ্টি হচ্ছে।
শুক্রবার সকালের বৈঠকে আমানত সুরক্ষা বিল, ২০২৬ উত্থাপনের সময় এ ঘটনা ঘটে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যাংক আমানত বীমা আইন, ২০০০ রহিত করে হালনাগাদ আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপনের অনুমতি চাইলে স্পিকার তা অনুমোদন দেন। পরে বিলটি উত্থাপিত আকারে বিবেচনার প্রস্তাব তোলার আগে কথা বলতে চান ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম।
স্পিকার তাকে জিজ্ঞেস করেন, তিনি কোন বিলের ওপর আপত্তি জানাতে চান। জবাবে সাইফুল আলম ‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫’ নিয়ে কথা বলতে চান বলে জানান। তখন স্পিকার বলেন, এ নামে কোনো বিল তখন সংসদে উত্থাপিত হয়নি।
এরপর সাইফুল আলম কথা না বাড়িয়ে বসে পড়লে স্পিকার বলেন, “মাননীয় সদস্য আরও মনোযোগী হবেন। আইন প্রণয়ন কর্মসূচির মধ্যে আপনি বাধা দিচ্ছেন।”
পরে কণ্ঠভোটে আমানত সুরক্ষা বিল, ২০২৬ উত্থাপিত আকারে সর্বসম্মতিক্রমে পাস হয়।
বিভ্রান্তির প্রসঙ্গ
বিরতির আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কার্যতালিকায় আগে ‘ব্যাংক রেজুলেশন আইন’ থাকলেও তা উপস্থাপন না হওয়ায় তারা বিভ্রান্ত হয়েছেন। জবাবে স্পিকার বলেন, বিলটি পরে আনা হবে।
উন্নয়ন কর্তৃপক্ষের পাঁচ বিল পাস
এদিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঁচটি বিল পাস হয়। এগুলো হলো—নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬।
বিলগুলো উত্থাপনের সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, পরিকল্পিত নগরায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতেই এসব কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব আনা হয়েছে।
আরও বিল পাস
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমী আইন, ১৯৮৯ সংশোধনের জন্য একটি বিল উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬ উত্থাপন করলে সেটিও পাস হয়।
এছাড়া অর্থমন্ত্রী আরও তিনটি বিল উত্থাপন করেন, যার মধ্যে এক্সাইজেস অ্যান্ড সল্ট সংশোধন বিল, ২০২৬ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল, ২০২৬ উল্লেখযোগ্য। সবগুলো বিলই কণ্ঠভোটে পাস হয়।
দিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ আইন পাসের মাধ্যমে সংসদের আইন প্রণয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
পূর্বের পোস্ট :