প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলেও তিনি প্রত্যাশা করেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।