চার দিনের জাপান সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা থাকলেও উড়োজাহাজের ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইট ছাড়তে প্রায় পাঁচ ঘণ্টা দেরি হয়। পরে প্রয়োজনীয় মেরামত শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
কারিগরি ত্রুটি সমাধানে বাংলাদেশ বিমানের প্রকৌশলীরা জাপানের কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
গত ২৬ অক্টোবর জাপান সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। পাশাপাশি দেশটির বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
পূর্বের পোস্ট :