ঢাকা-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজে কেন্দ্র পরিদর্শন শেষে তাসনিম জারা জানান, বিভিন্ন কেন্দ্রে নারী পোলিং এজেন্টফের প্রবেশে বাধা দেয়া হচ্ছে।
“বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ভেতরে প্রবেশে বাঁধা দেয়া হচ্ছে। নানা অজুহাতে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না। নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে,” বলেন জারা।
জারা জানান, কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা নানা অজুহাতে নারী এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না। কেন্দ্রে প্রবেশ করতে চাইলে তাদেরকে হেনস্তা করা হচ্ছে।
“বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এসব অজুহাত তৈরি করা হচ্ছে।কাউকে বলা হচ্ছে, ওরা তো এখানকার ভোটার না। এটা তো নিয়ম না। তারপর পুরুষ কেন্দ্রে নারী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তারপর বলা হচ্ছে ফোন নিয়ে ঢোকা যাবে না। কিংবা ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করা যাবে না,” বলেন জারা।
জারা জানান, ঢাকা-৯ আসনের অনেকগুলো কেন্দ্র থেকে একই ধরণের অভিযোগ এসেছে। ঢাকা- ৯ আসনে জারার বিপরীতে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জাবেদ রাসিন।
পূর্বের পোস্ট :