ঢাকা-৮ আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এই আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সকালে আরামবাগ হাইস্কুল ও কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচনী পরিবেশ নিয়ে সাংবাদিকদের নাসীরুদ্দীন বলেন, “এখন পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে। সকাল থেকে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনি।”
তবে বুধবার রাতে নাসীরুদ্দীনের সমর্থকদের ওপর হামলা হয়েছে অভিযোগ করেন তিনি।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে নাসীরুদ্দীন বলেন, “এই আসনে আমার জয় হওয়া মানে ওসমান হাদীর জয় হওয়া। মানুষ আমাকে বলেছে, হাদীর ভোটটাই তারা দিচ্ছেন।”
জাতীয় পার্টির প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, “লাঙল-নৌকা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই নির্বাচনে তারা সুবিধা পেলে বাংলাদেশে আবার ভারতীয় আধিপত্যবাদ বাড়বে।”
এদিকে সকাল থেকে ঢাকা-৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে প্রবেশ করায় এই আসনের বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নাসীরুদ্দীন আরামবাগ কেন্দ্রে প্রবেশ করলে বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দিয়েছে। ঢাকা-৮ আসনের আরামবাগ-মতিঝিল এলাকার নিরাপত্তা দায়িত্বে থাকা মেজর আরাফ জানিয়েছেন, সকাল থেকে এই আসনে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনি। কোথাও উত্তেজনা দেখা দিলে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর টহল টিম হাজির হয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে।
ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিপক্ষে লড়ছেন বিএনপির হেভি ওয়েট প্রার্থী মির্জা আব্বাস। এছাড়া গণ অধিকার পরিষদের মেঘনা আলমও আছেন আলোচনায়।
পূর্বের পোস্ট :