ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজ আসন ঢাকা-১১ তে ভোট দিয়ে বৃহস্পতিবার জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের জয়-পরাজয়ের চেয়েও বড় কথা জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিনা, নির্বাচন সবদিক থেকে সুষ্ঠু হচ্ছে কিনা।

সকালে বাড্ডা একেএম রহমতুল্লাহ কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের নাহিদ জানান, যেকোনো মূল্যে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু না হলে জুলাই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে।

জামায়াত নেতৃত্বাধীন জোট সরকার গঠন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করে নাহিদ বলেন, “১১ দলীয় জোট সরকার গঠনের উদ্দেশ্যেই এক হয়েছে। আমরা মনে করে সরকার গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এই জোট।”

নির্বাচনে ফলাফল যাই হোক জনগণের রায় মেনে নেয়া হবে উল্লেখ করে নাহিদ বলেন, “জনগণ যা রায় দিবে তা মেনে নিতে প্রস্তুত আমরা। সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক আমরা মেনে নিবো। প্রশাসন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর কাছে আহ্বান থাকবে নির্বাচন সুষ্ঠু করতে তারা যেন সর্বাত্মক চেষ্টা করে।”

নির্বাচনী পরিবেশ নিয়ে নাহিদ জানান, প্রতিকূলতা থাকলেও জামায়াত জোট চায় সর্বোচ্চ সংখ্যক ভোটার যেন ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দেয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান নাহিদ।

“প্রতিকূলতা আছে, অনেকেই নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চেষ্টা করছে। শুধু আমি কিংবা আপনি সুষ্ঠু নির্বাচন হয়েছে বললে হবে না। সোশ্যাল মিডিয়ায় মানুষের কমেন্ট, নির্বাচনী পর্যবেক্ষক দলের মতামতের ওপর নির্বাচন স্বচ্ছ হয়েছে কিনা তা জানা যাবে,” বলেন নাহিদ।

সকাল সাড়ে সাতটা থেকে ঢাকাসহ দেশের ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে ২৯৯ আসনে ভোট প্রদান শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রায় ১৩ কোটি নিবন্ধিত ভোটার রয়েছেন, যাদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে গঠিত হবে বাংলাদেশের আগামী সরকার।