ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের ফলাফল মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জুলাই অভ্যুত্থানের দেড় বছর পর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তার আগে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি।
ভাষণের শুরুতে তিনি বলেন, ‘আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদদের। আরও স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করছি।’
সিইসি বলেন, এই নির্বাচনে ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, বরং ‘দায়িত্ব’। তিনি বলেন, ‘আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান—শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন।’
তিনি আরও বলেন, ‘ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নেবেন।’
ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও সংশ্লিষ্ট সবার উদ্দেশে নাসির উদ্দিন বলেন, ‘ব্যক্তিগত কষ্ট-ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন।’
নির্বাচনে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় নির্বাচনি কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন।’
ভাষণের শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব—এই প্রত্যাশা ব্যক্ত করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’
দেশের ২৯৯টি আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোট পরে অনুষ্ঠিত হবে।
পূর্বের পোস্ট :