বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে জানান, বাংলাদেশের নীতিনির্ধারণে যুবসমাজ অংশ নিতে পুরোপুরি প্রস্তুত; তাদের দেশের জন্য কাজ করার সুযোগ দিতে হবে।
নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তারেক বলেন, “আজ ঢাকার জাস্টিস শাহাবুদ্দিন পার্কে তরুণ কনটেন্ট ক্রিয়েটর আর চিন্তাশীল তরুণদের সাথে খুবই প্রাণবন্ত ও উদ্দীপনাময় একটি আড্ডায় বসেছিলাম। কোনো মঞ্চে দাঁড়িয়ে বা ব্যারিকেডের পেছনে নয়, খোলা আকাশের নিচে। তাদের সাথে আলোচনায় বুঝলাম, তরুণরা আসলে কেমন নতুন ধরণের রাজনীতি চায়।”
‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশের নানা প্রান্তের তরুণদের কথা মন দিয়ে তারেক শুনেছেন উল্লেখ করে বলেন, “শিক্ষা ও কর্মসংস্থান থেকে শুরু করে পরিবেশ রক্ষা, নারীদের ক্ষমতায়ন আর দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন- সব বিষয়েই তাদের ভাবনা ছিল দারুণ শক্তিশালী। উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় ২২০০'রও বেশি রিল জমা পড়েছে, আর আলোচনাগুলো ছিল বাস্তবসম্মত এবং গভীর।”
“এই তরুণদের কথাই প্রমাণ করে, দেশের নীতিনির্ধারণে অংশ নেওয়ার জন্য আমাদের যুবসমাজ পুরোপুরি প্রস্তুত। দেশের ভবিষ্যৎ গড়তে হলে বাংলাদেশি তরুণদের সামনে আরও বেশি সুযোগ ও জায়গা তৈরি করতে হবে, যেখানে তারা নেতৃত্ব দেওয়ার পথ খুঁজে পাবে,” প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান।
প্রসঙ্গত, শনিবার বিকেলে কন্যা জাইমা রহমানকে নিয়ে তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে শাহবুদ্দিন পার্কে আলাপে মেতে ওঠেন তারেক। সেখানেই উঠে আসে তরুণদের বয়ানে বাংলাদেশ ভাবনা।
পূর্বের পোস্ট :