পরিমাপে কারচুপি করে গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে মঙ্গলবার জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
ফিলিং স্টেশনটিতে বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট চার লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটসমূহ সিলগালা ও বন্ধ করে দিয়েছে।
অভিযানকালে তশোফা ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে ১২০ মি.লি. কম এবং তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মি.লি., ২২০ মি.লি. ও ১৯০ মি.লি. জ্বালানি কম পাওয়ায় এ জরিমানা করা হয় ও ডিসপেন্সিং ইউনিট চারটি বন্ধ করে দেয়া হয়।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে যেখানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র আহসান হাবীব খান দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পূর্বের পোস্ট :