ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজেটের আগে বারবার করপোরেট কর কমানোর দাবি তোলা হলেও বৃহস্পতিবার প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করপোরেট করহারে কোনো পরিবর্তন না এনে গত অর্থবছরের করহারই বিদ্যমান রাখা হয়েছে।

"নীতির ধারাবাহিকতা রক্ষা এবং বিনিয়োগকারীগণকে মধ্যমেয়াদে একটি নির্দিষ্ট হারে করারোপের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে বিদ্যমান কর্পোরেট কর হার আগামী কর বছরে অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি," বিকালে জাতীয় সংসদে বাজেট উত্থাপনকালে জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তবে, আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ কর আদায় করার মাধ্যমে ধীরে ধীরে কমিয়ে আনতে সরকার সচেষ্ট থাকবে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, " এবারের বাজেটে কর্পোরেট কর পরিপালন ব্যবস্থা সহজ ও ব্যবসাবান্ধব করা, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধের ব্যবস্থা করা, অতিরিক্ত নিয়মের বেড়াজাল থেকে করদাতাদের রেহাই দেয়া, ব্যবসার অনুমোদনযোগ্য খরচ বাড়িয়ে এবং উৎসে কর কর্তন না করার কারণে খরচ অগ্রাহ্য করার বিদ্যমান বিধান বিলোপ করার মাধ্যমে করদাতার করযোগ্য আয় কমানো এবং করদায় কমানোর ব্যবস্থা নেয়া হয়েছে।" 

এছাড়া অডিটের জন্য কর মামলা নির্বাচন এবং উৎসে কর যাচাই এর জন্য নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও অটোমেটেড করার ওপর জোর দেয়া হচ্ছে বলে জানান খসরু।

এতে করে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করপোরেট করহারে আপাতত কোনো পরিবর্তন আসছে না। বর্তমানে কোম্পানি করদাতার জন্য খাতভিত্তিক অনেকগুলো করহার কার্যকর রয়েছে। আয়কর আইনে সংজ্ঞায়িত কোম্পানিগুলোর মধ্যে চলতি অর্থবছরের আয়ের ওপর শর্ত ছাড়াই করহার সাড়ে ২৭ শতাংশ।

পরিশোধিত মূলধনের ১০ শতাংশের অধিক শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির জন্য করহার ২২ দশমিক ৫০ শতাংশ এবং শর্ত পালন পালন করতে পারলে ২০ শতাংশ হারে কর দিতে হয়। মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রেও কোম্পানি করহার ২৭ দশমিক ৫০ শতাংশ।

মার্চেন্ট ব্যাংক ছাড়া পাবলিক ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কোম্পানি করহার ৩৭ দশমিক ৫০ শতাংশ রাখা হয়েছিল চলতি অর্থবছরের বাজেটে; আসছে অর্থবছরের আয়ের ওপরও এটি অপরিবর্তিত থাকবে।

পাবলিকলি ট্রেডেড নয় এমন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানকে কোম্পানি কর দিতে হয় ৪০ শতাংশ হারে। এছাড়া সমবায় সমিতির জন্য ২০ শতাংশে করহার রয়েছে; তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের ক্ষেত্রে কোম্পানি করহার ১০ শতাংশ।

সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির কর ৪৫ শতাংশ এবং এর সঙ্গে ২ দশমিক ৫ শতাংশ সারচার্জ রয়েছে।

পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন অপারেটর কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার আইপিওতে থাকলে করহার রয়েছে ৪০ শতাংশ হবে। তবে এক্ষেত্রে ওই কোম্পানির আইপিও-পূর্ববর্তী প্লেসমেন্টের পরিমাণ ৫ শতাংশের বেশি হতে পারবে না। পাবলিকলি ট্রেডেড নয় এমন মোবাইল ফোন অপারেটর কোম্পানির জন্য ৪৫ শতাংশ কর হার নির্ধারিত রয়েছে।