পুঁজিবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পুরনো চেয়ারম্যানের পদত্যাগ ও একই দিনে নতুন চেয়ারম্যান নিয়োগের দিনে দেশের প্রধান এক্সচেঞ্জ হাউজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বছরের সর্বোচ্চ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সকালে খন্দকার রাশেদ মাকসুদ ও চার কমিশনারের পদত্যাগের খবরে পুঁজিবাজারে বাড়তে শুরু করে সূচক। দুপুরের মধ্যে লেনদেন ছাড়ায় এক হাজার কোটি টাকা। এরমধ্যে পুঁজিবাজারে নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান মাসুদ খান। এতে করে পুঁজিবাজারে চাঙ্গাভাব আরও বাড়তে শুরু করে, যা বেলা শেষে দাঁড়ায় ১৩৫১ কোটি টাকার লেনদেনে। ২০২৬ সালে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।
এর আগে বুধবার ডিএসইতে ১২৭৯ কোটি টাকা লেনদেন হয়েছিল যা ছিল পুঁজিবাজারের ২০২৬ সালে সর্বোচ্চ লেনদেন। কমিশনে নতুন চেয়ারম্যান ও কমিশনারের দায়িত্ব গ্রহণের খবরে পুরো সপ্তাহজুড়ে পুঁজিবাজারে চাঙ্গাভাব বিরাজ করেছে। ঈদের ছুটি শেষে সোমবার শুরু হওয়া লেনদেনে চার দিনের কর্মদিবসে চারদিনই সূচকের উত্থান হয়েছে ডিএসইতে।
বৃহস্পতিবারও বেড়েছে সবকটি সূচক। প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট, শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৯ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১১ পয়েন্ট।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ২৪২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১০৪ কোম্পানির ও অপরিবর্তিত আছে ৪৫ কোম্পানির শেয়ারের দাম।
১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে জেনেক্স ইনফোইস পিএলসি ও প্রায় ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে যমুনা ব্যাংক পিএলসি।
সূচকের বড় উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৩ পয়েন্ট।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ১৫২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৪ কোম্পানির ও অপরিবর্তিত আছে ২৯ কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে সারাদিনে ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :