বিএনপি সরকারের যাত্রার শুরুতে গভর্নরের দায়িত্ব পাওয়া মোস্তাকুর রহমানের স্বাক্ষরযুক্ত নতুন কাগুজে নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এক হাজার, পাঁচশ এবং দশ টাকার নতুন নোট বিতরণ শুরু হয়। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও এসব নোট পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তীতে বিশ, পঞ্চাশ ও একশ টাকার নোটও গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরে ছাপানো হবে।

গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর টাকার নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়। এরপর “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” থিমে নতুন নকশার নোট চালু করে অন্তর্বর্তী সরকার।

নতুন নকশার এক হাজার, পাঁচশ, একশ, পঞ্চাশ, বিশ ও দশ টাকার নোট তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরে বাজারে আসে।

বর্তমানে বাজারে থাকা ওই নোটগুলোর মধ্যে এক হাজার, পাঁচশ এবং দশ টাকার নোট পুনরায় ছাপানো হয়েছে মোস্তাকুর রহমানের স্বাক্ষর দিয়ে। নকশা আগের মতোই থাকায় শুধু স্বাক্ষর পরিবর্তন করা হয়েছে। নোটের রং, নিরাপত্তা বৈশিষ্ট্য ও আকার অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে এখনো নতুন নকশায় এক, দুই ও পাঁচ টাকার নোট ছাপানো হয়নি।