একদিনের ব্যবধানে টানা দুই দফায় ৬৫৮৯ টাকা কমে শনিবার বাংলাদেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস।

এক বার্তায়, শনিবার সকালে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৪৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানায় বাজুস। এর আগে শুক্রবার সকালে প্রতি ভরি স্বর্ণের দাম ২২১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বাজুস। 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৫৫৮ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৩০ দফা।

সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২১ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ১৮ দফা।

গোল্ড কাউন্সিলের হিসাব অনুযায়ী, স্পট মার্কেটে শনিবার প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে প্রায় ৩ শতাংশ ও রূপার দাম কমেছে ১০ শতাংশের বেশি। গত একমাস ধরে বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম। ৩০ দিনে স্বর্ণের দাম কমেছে ২.২৬ শতাংশ।