ঢাকার অভিজাত এলাকা হিসাবে খ্যাত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রোববার দুপুরে জরুরিভিত্তিতে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় তিতাসের গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে জানমালের যাতে কোনো ক্ষতি না হয় তাই গ্যাসের ভালব বন্ধ করে দেয়া হয়েছে।

পাইপের যেসব অংশে লিকেজ হয়েছে সেখানে ইতোমধ্যে মেরামত কাজ শুরু করেছে তিতাস।

এতে করে বর্তমানে গুলশন, বনানী, বারিধারা ও এর আশপাশের এলাকায় তিতাসের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এসব এলাকায় কতক্ষণ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সে বিষয়ে নিশ্চিত করে তিতাস কিছু জানায়নি। তবে সাময়িক অসুবিধার জন্য এলাকারবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে কোম্পানিটি।